কবিতা
নামতা-হীনদের রোজনামচা
‘লক্ষ্মী' ওরা দেখেনি কোনোকালেই...
আর ‘সরস্বতী'-র নাম শুনেছে - এই যা!
পুজো বলতে দূর থেকে দেখেছে যেটুকু --
বাবুদের বনেদীয়ানা বলতে যা বোঝায় - ঠিক সেটুকুই;
ও-বেটির হাত যে দশখানা...
ছোটো ছেলেটা কী যেন একটা
বলেছিল সেদিন -- হ্যাঁ, বীরাঙ্গনা...!
অর্থটা আর জিজ্ঞেস করতে সাহস পায়নি তার বাবা;
সন্ধ্যা নামলে চোলাই মদের ধোঁয়াটে নেশায় দিব্যি তখন
রাত কেটে যায় তার নিজস্ব এক কৈলাস আভিজাত্যে!
আসলে ভোর না হতেই কয়েক শতক আধভাঙা
বোতলের খোঁজে পথে নামতে হবে
নামতা-না-জানা সেই তাকেই...
আর বাকিরাও যে যার গলি পথে
অথবা অন্য গলির আনাচে-কানাচে;
এশহর তবু তার জীর্ণ জাবদা খাতায় লিখে রাখে সব,
শৈশব থেকে কৈশোর, ‘শরীর' থেকে ‘শব'... নামগোত্রহীন
হাজার পথিকের অবিরাম ছুটে চলার রোজকার পাঁচালি!
7 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!