কবিতা

কাব্যাঞ্জলি

কাব্যাঞ্জলি
শিবানী গুপ্ত খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 8 বার দেখা

কবিতার অনুপম নির্যাসে স্নাত প্রাণমনে সতত অনুভব করেছি অন্তরাত্মায় তৃপ্তির ছোঁয়া।
জীবনের সকল আঘাত বেদনার অপ্রাপ্তির বিষাদ সিন্ধুতে নিমজ্জিত মনকে কবিতার সঞ্জীবনী শব্দ রসেই পুনরায় বাঁচতে শিখিয়েছে।
আমার সমগ্র সত্তা জুড়ে ছেয়ে আছে কবিতার স্পন্দন।
জীবন পথে সুখে-দুখে
আনন্দ-বিষাদে কবিতার হাত ধরেই চরৈবেতি মন্ত্রে এগিয়ে গেছি বন্ধুর কন্টকময় পথে।
শত বাধাতেও নুয়ে পড়িনি কখনো।
ভালোবেসে হৃদয়- পুষ্পে তোমার জন্যেই মালা গেঁথেছিলাম, তোমাতেই সমর্পিতা হতে চেয়ে।
বন্ধু হয়ে হাতখানি ধরেছিলে কোনো একদিন, মুখর ছিল আলাপনের নিরালা
মূহুর্তগুলি অনুরাগী সংলাপে।
যদিও কবিতার প্রতি তোমার কোনো আসক্তি চোখে পড়েনি, তথাপি আমি কিছুটা উপযাচক হয়েই শোনাতাম কখনো বড়ো ভালোবেসে লেখা কবিতার পঙক্তিমালা।
নাহ্ বাহবা সূচক কোনো শব্দ খরচ করনি কখনো, শুধু মৃদু একচিলতে হাসির টুকরো ঝলসে উঠত, তাতেই উৎসাহবোধ করতাম।
ডায়েরির পাতা জুড়ে কত কত কবিতার প্রতিমা গড়েছি শুধু তোমার জন্য।
আপন খেয়ালে শোনাতে গিয়ে থমকে গেছি
তোমার নিদারুণ উদাসীনতার জন্য
বলাই হয়নি আর।
আমি তো আমার সমস্তটুকু দিয়েই তোমাতে পরিপূর্ণ হতে চেয়েছিলাম সমর্পণের নৈবেদ্যে গো, তুমি বুঝতেই চাইলে না,
আমার ভালোবাসা তাই অব‍্যক্তই থেকে গেছে অভিমানে।
আমার আমিত্ব তাতে আহত হয়নি সেটাই বা বলি কী করে!

8 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: শিবানী গুপ্ত
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা