কবিতা

ঐন্দ্রিলা সেন

ঐন্দ্রিলা সেন
আবদুস সালাম সমু খণ্ড 1 · সংখ্যা 1 · JULY · 2025 · 7 বার দেখা

তোমাকে ঘিরে ধরেছে গেরিলা দুঃখ  

তোমাকে অচানক ঘিরে ধরেছে 

হাজার হাজার বছরের দীর্ঘতম নিঃসঙ্গতা 

তুমি সৌন্দর্যের হাত ফসকে 

সেই যে পড়ে গেছ নর্দমার ভেতর 

আর উঠতে পারোনি 

মসনদে বসে মাউন্টব্যাটেনের

খটখটে ভূতও ভয় দেখাচ্ছে তোমাকে এখন

তুমি ভালো নেই বলে চড়চড়া সূর্য উঠছে 

মেঘ ফাটিয়ে চাঁদ কাঁদছে খিলখিলিয়ে 

জীবন নিয়ে চ্যাপলিনের মতো 

নিশিদিন মস্করা করছে নক্ষত্রযুগল 

মহানন্দায় খরা টগবগাচ্ছে আগের মতই 

সবাই রক্ত চাইছে পরস্পরের 

বিশেষত আহসানুলের মুণ্ডু নিয়ে 

মারামারি করছে গাধা ও খচ্চর

জলতরঙ্গের মতো সহজ যে জীবন 

তাকেও বিস্মৃত হয়ে জড়সড়, হিম 

তুমি এখন ভাষার পেছনে পড়ে থাকা 

খরখরে রক্তশূন্য জটিল ব্যাকরণ

ওহে ভারতবর্ষ, ওগো শ্রীমতি ঐন্দ্রিলা সেন 

তোমার একজন প্রেমিক চাই, প্রেমাংশু চাই 

ঝাঁকড়াচুলো কাজী নজরুলের মতন

7 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: আবদুস সালাম সমু
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা