কবিতা

ঘর...মিউজিয়াম

ঘর...মিউজিয়াম
ছন্দা দাম খণ্ড 2 · সংখ্যা 1 · JULY · 2026 · 14 বার দেখা

তুলিতে ডুবানো আকাশী দুঃখ বেশ কিছুটা নিয়ে....
বসে থাকি দিনমানের সাদা ক্যানভাসের সামনে,
বুকের মাঝে তখন খেলা করে বেশ কিছু রঙ
ধূসর,বেগুনী, গাঢ় নীল আরো কিছু চেতনা হীনতার,
খয়েরী রঙা ঘরছাড়া বালিহাঁস উড়ে যায় মাথার উপর
অবাক চেয়ে থাকি...এদের সাম্রাজ্যে নিয়ম বলে কিছু নেই,
যখন ইচ্ছে নিয়মের কাঁটাতার ভেঙে দে উড়াল,
কয়েকটা চড়ুই কার্নিশে এসে খোঁজ নেয় রোজ
কি জানি কথা বলে নিজেদের মাঝে...
খুব জরুরী বার্তালাপের মাঝে আমি দাড়ানো, ভ্রুক্ষেপও করে না,
ছোট ঢুলুঢুলু চোখে যেন স্বপ্ন ঝেঁপে এসেছে,
কতো পরিকল্পনা এদের ,নীড় বাঁধবে ...কোথায় কখন কি ভাবে,
এর মধ্যে থার্ড পার্সন আসছে কোথায়???

আমি চেয়ে থাকি,আমাদের ঘর ভরা সম্পর্ক,
ঠেসাঠেসি লাগে রোজ,চলতে ফিরতে,
তবু কতটা নিকটে!!
এইসব সাতপাঁচ ভাবতে ভাবতেই আমার সকাল গড়িয়ে রাত
রাত গড়িয়ে ফের সকাল,ফের রাত,
হৃদয়হীন ঘড়িটা থামতে শেখে নি,আর আমি থেমেই আছি,
থমকে আছি এই জনবহুল প্রাণহীন নৈঃশব্দের শহরে।

একদিন নদীর কাছে কানে কানে জিজ্ঞেস করেছিলাম
...ও নদী তোর ঘর আছে?
ও বলেছিল...নেই রে,তাই তো বেঁচে আছি,
তোদের ওগুলো ঘর ?না ম্যাডাম তুসাড এর মিউজিয়াম?
উত্তর দিস কিন্তু আমায়।।

14 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: ছন্দা দাম
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা